চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর একজনের চিকিৎসা চলছে।[BANGVIEWS-POST:3710]সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ রয়েছে। ফলে হাসপাতাল ও ঘটনাস্থল মিলিয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।এর আগে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম সাতজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। পরে আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে লিকেজ দেখা দেয়। বিষয়টি দেখতে স্থানীয় কয়েকজন বহিরাগত সেখানে গেলে গ্যাসে আক্রান্ত হন। এতে কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে।কারখানাটির অ্যাডমিন আসাদুজ্জামান সাইমন জানান, তিনি বর্তমানে দেশের বাইরে মিয়ানমারে অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত তার জানা নেই। তবে তিনি শুনেছেন, কাজ করার সময় দুজন আহত হলে তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন আক্রান্ত হন।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। বিষাক্ত গ্যাস লিকেজের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি জানান, প্রাথমিকভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা আরও বাড়ে।[BANGVIEWS-POST:3709]কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং কারখানায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে জানা গেছে, সকালে ইয়ার্ডে কাজ চলার সময় স্ক্র্যাপ জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে শুরু করে। বিষয়টি দেখতে কয়েকজন সেখানে এগিয়ে গেলে তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তার কাজে অংশ নেন। গ্যাস লিকেজের প্রকৃত কারণ এবং কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।