যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু হবে আগামী সপ্তাহে : ট্রাম্প

- আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফার বৈঠক শেষে তিনি এ কথা জানান। ট্রাম্প দাবি করেন, প্রথম দফার আলোচনা ছিল “খুব ফলপ্রসূ”।
তবে পরবর্তী বৈঠক কবে এবং কোথায় হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
এদিকে ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানকে “কঠিন পরিণতি” ভোগ করতে হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বৈঠকে মূল আলোচনা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। পশ্চিমা দেশগুলোর একটি অংশ মনে করে, এ কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র অর্জন; যদিও ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। আরাঘচি বলেন, আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটিই দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। তবে আলোচনার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।
ইরান জানিয়েছে, তারা আলোচনার পরিসর শুধু পারমাণবিক ইস্যুতেই সীমিত রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ও আলোচনায় আনতে চাইছিল বলে জানা গেছে—যা তেহরান গ্রহণ করেনি।






























