যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
ইরান যুক্তরাষ্ট্রের চাপ বা যুদ্ধের হুমকিতেও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হলেও তেহরান কখনোই নিজস্ব পারমাণবিক অধিকার ত্যাগ করবে না।
রোববার তেহরানে আয়োজিত এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা অত্যন্ত সীমিত। তার ভাষায়, ওয়াশিংটন সত্যিই নতুন করে আলোচনায় কতটা আন্তরিক, তা নিয়েও তেহরানের গভীর সন্দেহ রয়েছে।
তিনি বলেন, “আমরা কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে এত দৃঢ় অবস্থানে আছি এবং কোনো পরিস্থিতিতেই তা ছাড়তে রাজি নই—এমনকি যদি যুদ্ধ চাপিয়েও দেওয়া হয়? কারণ আমাদের আচরণ কী হবে, তা নির্ধারণ করার অধিকার অন্য কারও নেই।”
এ সময় আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের উপস্থিতির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, এ ধরনের সামরিক মোতায়েন ইরানকে ভীত করে না।
প্রসঙ্গত, গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। গত বছর জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা বলে জানানো হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। আরাগচি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আস্থা তৈরির লক্ষ্যে কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারে তেহরান।
পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে।
এ বিষয়ে আরাগচি বলেন, “তারা আমাদের পারমাণবিক বোমাকে ভয় পায়, অথচ আমরা কোনো পারমাণবিক বোমা চাই না। আমাদের আসল শক্তি হলো বড় শক্তিগুলোর সামনে ‘না’ বলার সক্ষমতা।”





























