সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে একটি স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ উপহারটি তার হাতে তুলে দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, দিরাই-শাল্লার মানুষ তাকে নির্বাচিত করলে তিনি হাওরাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি দাবি করেন, এই এলাকায় উন্নয়ন নিশ্চিত করতে হলে সম্প্রীতি ও ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতির প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, একই মঞ্চে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের একজন প্রতিনিধিকে একসঙ্গে দেখা গেছে। তার ভাষ্য, “আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।”
তিনি আরও বলেন, হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়কে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক ধারার দিকে এগোতে চান তারা। ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতেই উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিশির মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন।


























