দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের রাজনীতিতে আবারও পুরনো দিনের দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, একসময় যেসব গোষ্ঠী চাঁদাবাজি ও গুণ্ডামির মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছিল, তারাই নতুনভাবে ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা ঘুরলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একসময় বিদেশি শাসকরা এ দেশের সম্পদ লুট করে নিয়ে যেত, আর এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে ইসলামী নেতৃত্বভিত্তিক সরকার প্রয়োজন বলে দাবি করেন খেলাফত মজলিসের আমির।
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ কারণে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


























