পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যানসার ঝুঁকি বাড়ছে

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
ইরাকে সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত ঊর্ধ্বমুখী, যা দেশটির জনস্বাস্থ্য খাতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত নগরায়ণ এবং সবুজ এলাকার সংকট ক্যানসার বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কুর্দিস্তান অঞ্চলে ১০ হাজার ৫০০, ধি কার প্রদেশে ১০ হাজার এবং আনবারে প্রায় ৬ হাজার ক্যানসার রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে ২০২৪ সালে দেশজুড়ে মোট ৪৬ হাজার ৩২০টি ক্যানসারের ঘটনা নথিভুক্ত হয়। ওই বছর প্রদেশভিত্তিক হিসাবে নিনেভেহে সবচেয়ে বেশি ৩ হাজার ২৩৪টি রোগী শনাক্ত হওয়ার তথ্যও উঠে এসেছে।
বাগদাদে ক্যানসারে মৃত্যু বেশি
ক্যানসারে মৃত্যুর দিক থেকে রাজধানী বাগদাদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে। ২০২৪ সালে বাগদাদে ক্যানসারে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৬৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, শহরটিতে বায়ুদূষণ, যানজট এবং সবুজ জায়গার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কোন ধরনের ক্যানসার বেশি
তথ্য বিশ্লেষণে দেখা যায়, পুরুষদের মধ্যে শ্বাসতন্ত্র ও প্রোস্টেট ক্যানসার তুলনামূলক বেশি শনাক্ত হচ্ছে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে স্তন ও থাইরয়েড ক্যানসার বেশি দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত পরিবেশ ব্যবস্থাপনায় সংস্কার, শহরে সবুজ এলাকা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা না গেলে সামনে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
তথ্যসূত্র: ইরাকি সংবাদমাধ্যম।






























