বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া সেল ও অনলাইন নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা, নির্ভুল তথ্য প্রচার এবং গুজব-অপপ্রচার মোকাবিলার লক্ষ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোর্টালটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জাতীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। বাহিনীর এসব অবদান জনগণের সামনে তুলে ধরতে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় দায়িত্বশীল তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সময়ের দাবি। এ ক্ষেত্রে আনসার বাহিনীর এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি অনলাইন পোর্টাল নয়, এটি বাহিনীর মাঠপর্যায়ের সদস্যদের ত্যাগ, শ্রম ও সাফল্যের প্রতিচ্ছবি।
তিনি জানান, অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সমন্বয়ে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দেশের ৪৭টি ব্যাটালিয়ন, ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য এবং গ্রাম ও নগর প্রতিরক্ষা দলের সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ড এ প্ল্যাটফর্মে তুলে ধরা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ বাহিনীর কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ