পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা ছিল বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যায় না। বাংলাদেশ কাউকে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সব সময় শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, হলি আর্টিজান হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বৈশ্বিক জঙ্গিবাদ মোকাবিলায়ও বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
স্মরণসভায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া নিহতদের স্বজন এবং হামলার সময় জিম্মি অবস্থা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মর্মান্তিক ওই ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্যসমূহ