কাতার জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো উচ্চপর্যায়ের বৈঠক বা সরাসরি আলোচনা হচ্ছে না।
মঙ্গলবার দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা বলেন। তিনি জানান, তার জানা মতে, আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনো সরাসরি বৈঠকের সময়সূচি নেই।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দোহায় পাঠানো হয়েছে। তবে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধি দল সরাসরি ইরানের সঙ্গে নয়, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে।
মাজেদ আল-আনসারি বলেন, তার জানা মতে, দুই পক্ষের মধ্যে কোনো উচ্চপর্যায়ের বৈঠকও নির্ধারিত নেই। তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই তেহরানের।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দোহায় গেলেও ইরান সরাসরি বৈঠকের খবর অস্বীকার করেছে। একই সঙ্গে কাতারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাৎক্ষণিক কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়ন, হরমুজ প্রণালি এবং যুদ্ধবিরতি ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তবে সরাসরি আলোচনার বদলে আপাতত মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ