নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে যাত্রী নিয়ে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি নৈশকোচ ভোরে বড়াইগ্রামের বনপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুটি বাহনই দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে আনুমানিক ১০ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে। বাকি ৯ জনই পুরুষ, যার মধ্যে বাস ও ট্রাকের চালক এবং হেলপারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের বরাতে আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে ৯ জনের এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি উল্লেখ করেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ