শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেছেন, এই ধর্মীয় উৎসবের মাধ্যমে সমাজে সাম্য, বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
রোববার (১৮ অক্টোবর) দেওয়া এক শুভেচ্ছা বাণীতে স্পিকার এ প্রত্যাশা ব্যক্ত করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর আশ্বিনের শেষভাগে শরতের আবহে এই উৎসব উদযাপিত হয়।
তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বন্ধন আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করে।
স্পিকার প্রত্যাশা করেন, দুর্গোৎসবের মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য ও অবিচার দূর করার চেতনা জাগ্রত হবে। সাম্য, মৈত্রী এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠবে আরও সুন্দর সমাজ।
একই সঙ্গে বাংলার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
শুভেচ্ছা বাণীতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্গোৎসবের দিনগুলো সবার জীবনে নতুন প্রেরণা নিয়ে আসুক। আগামী দিনগুলো আনন্দ, সাফল্য ও কল্যাণে পরিপূর্ণ হয়ে উঠুক।
তিনি আরও আশা প্রকাশ করেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও গভীর হবে।
স্পিকার বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে সবাইকে সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
দুর্গোৎসবের আনন্দ দেশের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বাণীর শেষাংশে শারদীয় দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্তব্যসমূহ