রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ৪৬তম ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। প্রযোজনা সংস্থার দাবি, উৎসবটির ইতিহাসে এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ‘নিশি’।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাশিয়ার গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি এই উৎসবের আয়োজন করে। এটি বিশ্বের প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবগুলোর একটি।
আন্তর্জাতিক এই আয়োজনে চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছে, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় বিষয় চা-বাগানের এক কিশোরীর জীবনসংগ্রাম।
গল্পে দেখা যায়, পানির সংকটের কারণে এক চা-শ্রমিকের মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে বাড়িতে একটি টিউবওয়েল বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় লালচাঁন নামের এক কাঠ ব্যবসায়ী। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় চলচ্চিত্রটির কাহিনি।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি এবং চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
সিলেটের একটি চা-বাগান ও এর আশপাশের এলাকায় ‘নিশি’র দৃশ্যধারণ করা হয়েছে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক।
এ ছাড়া চলচ্চিত্রটির চূড়ান্ত সম্পাদনা, রং সংশোধন ও শব্দসংক্রান্ত কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে।
এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক স্বীকৃতি পেয়েছে ‘নিশি’। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড অর্জন করে ছবিটি।
পাশাপাশি গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জেতে চলচ্চিত্রটি।
আগের এসব অর্জনের ধারাবাহিকতায় এবার রাশিয়ার ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘নিশি’।
মন্তব্যসমূহ