শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি নগরের রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে প্রধানমন্ত্রী জে এম সেন হলের পূজামণ্ডপে পৌঁছাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর। মণ্ডপে প্রায় ৪০ মিনিট অবস্থান করতে পারেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, তারেক রহমান সামরিক বিমানে চট্টগ্রাম পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি রহমতগঞ্জের পূজামণ্ডপে যাবেন তিনি।
মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে নগরের হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানিয়েছেন, সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এতে অংশ নিতে পারবেন বিএনপির নেতাকর্মীরা।
তিনি জানান, সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সাংগঠনিক সভার তুলনায় এবার উপস্থিত নেতাকর্মীর সংখ্যা কম রাখার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৯ আগস্ট চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লুর হলরুমে বিএনপির একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন।
ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সঙ্গে মিলিয়ে একই হোটেলে নতুন করে সাংগঠনিক সভার আয়োজন করা হচ্ছে।
মন্তব্যসমূহ