ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে বিরোধীদের বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার কংগ্রেসের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে বিরোধী জোট ইন্ডিয়া।
‘প্রটেক্ট ডেমোক্রেসি’ শীর্ষক বিক্ষোভের আয়োজন করেন কংগ্রেসের সংসদ সদস্য বি. মানিকম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটি। এতে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের প্রতিনিধিরা অংশ নেন। গত ৩ অক্টোবর ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এটিই টিভিকের প্রথম বিক্ষোভে অংশগ্রহণ।
কর্মসূচিতে টিভিকের প্রতিনিধিত্ব করেন দলটির নেতা ও তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ. রাজমোহন। এ ছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন বিদুথালাই চিরুথাইগাল কাটচির (ভিসিকে) সভাপতি ও সংসদ সদস্য থল থিরুমাভালাভান, মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (এমডিএমকে) সাধারণ সম্পাদক ভাইকো এবং বিভিন্ন বামপন্থি দলের নেতারা।
বিক্ষোভ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন কংগ্রেসের সংসদ সদস্য বিজয় বসন্ত। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে। গণতন্ত্র রক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জবাবদিহি থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার আওতায় তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে ৯৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এই প্রক্রিয়ায় মুসলিম, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাররা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ