হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই তিন দিনের ছুটি সমন্বয় করতে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এই ছুটির বিপরীতে ১৭ অক্টোবর (শনিবার) সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বন্দর ও বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যাংকগুলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর নির্ধারিত ছুটির সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিন নির্বাহী আদেশে ছুটি অনুমোদন করে সরকার। এর সঙ্গে পরবর্তী শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশজুড়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সেই ছুটির ভারসাম্য আনতেই ১৭ অক্টোবর শনিবার ব্যাংকসহ সব ধরনের অফিস খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মন্তব্যসমূহ