ইংল্যান্ডের জার্সিতে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন হ্যারি কেইন। ঐতিহাসিক এই অর্জনের পর অধিনায়ককে ইংল্যান্ডের হয়ে খেলা ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়’ হিসেবে অভিহিত করেছেন জুড বেলিংহাম।
মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল কেইনের ১২৫তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের ১২৫ ম্যাচের রেকর্ডে ভাগ বসান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
রেকর্ড ছোঁয়ার ম্যাচটিও নিজের পারফরম্যান্সে স্মরণীয় করে রাখেন কেইন। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেন তিনি।
ইংল্যান্ডের হয়ে ৯১ গোল করে এরই মধ্যে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন ৩৩ বছর বয়সী কেইন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ থাকবে তার।
ম্যাচ শেষে কেইনের প্রশংসায় বেলিংহাম বলেন, “সত্যি বলতে, সে যা-ই করুক না কেন, এখন আর কোনো কিছুই আমাকে অবাক করে না।”
রিয়াল মাদ্রিদের এই তারকা আরও বলেন, “কী অসাধারণ এক রোল মডেল, কী অসাধারণ একজন মানুষ, এবং তার সাথে একই মাঠে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”
কেইনের অর্জনের পেছনে কঠোর পরিশ্রমের কথাও তুলে ধরেন বেলিংহাম। তিনি বলেন, “আমি আগেও যেমন বলেছি, সে যা কিছু পায়, তার যোগ্য। সে এর জন্য কঠোর পরিশ্রম করে এবং সে খুব সৎ একজন মানুষ। আমি জানি সে আজ দুটি গোল করেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো পিটার শিলটনের রেকর্ডের সমকক্ষ হওয়া।”
এরপর কেইনকে ইংল্যান্ডের সর্বকালের সেরা হিসেবে মূল্যায়ন করে বেলিংহাম বলেন, “আমার মতে, তিনি ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি এক অসাধারণ আদর্শ, একজন মহান মানুষ এবং তার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়।”
মন্তব্যসমূহ