দেশের মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং বিদ্যুৎ ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজে যাওয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম।
এ ছাড়া মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল ও বাজেট পরিস্থিতি, বিভিন্ন দপ্তর-সংস্থার ভিশন, মিশন ও কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।
উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনার পর দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য নীতিমালা তৈরির সুপারিশ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
সরকারি খরচে যারা হজে যান, তাদের জন্যও একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করা হয়েছে। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংসদীয় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশ নেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ