কুয়েতে ইরানের কথিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এ হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর ‘জঘন্য ও বারবার সংঘটিত আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে এটি শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক উদ্যোগের জন্যও সরাসরি চ্যালেঞ্জ তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েত সংরক্ষণ করে।
এর আগে ইরান দাবি করে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক নৌপথ ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ