দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরকালে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনসহ একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, ফেনীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর গাড়িবহর পরশুরামের উদ্দেশে রওনা হয়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসূচির অন্যতম প্রধান কর্মসূচি হলো পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন। খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটি উদ্বোধনের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।
গত ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প অনুমোদন পায়। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করে সেখানে স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন।
ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট সক্ষমতার ব্যবস্থা রয়েছে।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়া হবে।
ফুলগাজীতে ৫১০ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ