ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে যোগদানের নির্দেশ অমান্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে কাজী মনিরুজ্জামানকে ডিএমপি থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই বছরের সেপ্টেম্বরে সেখানে যোগ দেওয়ার পর অনুমোদিত ছুটি ছাড়াই তিনি কর্মস্থল ত্যাগ করেন।
তিনি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে ২১ নভেম্বর কাজে যোগ দিলেও ২৫ নভেম্বর থেকে আবার অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত হন।
দীর্ঘদিন অনুপস্থিত থাকার ঘটনায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তদন্তের পর তাকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।
পরবর্তী সময়ে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের জন্য পাঠানো হয়। গত ২৪ আগস্ট কমিশন তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর কাজী মনিরুজ্জামানকে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মন্তব্যসমূহ