মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের আদলের একটি প্যান্ট ও একটি টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে ইমরান ও মাসুম মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন।
এ সময় তারা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি দেখানোর পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরা ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় থাকা স্টল মালিক, ব্যবসায়ী ও কর্মীদের দেখান।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা বিভিন্ন ব্যবসায়ীর কাছে নগদ টাকা দাবি করেন। টাকা না দিলে গ্রেপ্তার ও হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে মেলায় থাকা ব্যবসায়ী ও দর্শনার্থীরা দুজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুজন সহযোগী মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয়। তাদের কাছ থেকে চাঁদা দাবির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় থাকা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ