রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরপুরের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
তিনি বলেন, মিরপুরের ঘটনার বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হবে।
মিরপুরের ঘটনা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা উচিত নয়। জননিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ