দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশনে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিশাল জনসংখ্যার এই দেশে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে চিকিৎসা খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা চান তিনি। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই ষষ্ঠ বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স শুরু হয়েছে। সম্মেলনে চিকিৎসা গবেষণা, জটিল অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মরণোত্তর অঙ্গদান ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
মন্তব্যসমূহ