ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে হাসপাতালটিতে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।
শনিবার (২৭ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের বয়স ছিল চার মাস এবং অপর শিশুটির বয়স ছিল আট মাস। চলতি মাসে তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ও রাতে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ