মানুষের মতো দেখতে ও বিভিন্ন কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে টেসলা। তবে অপটিমাস রোবটের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে গিয়ে বেশ কিছু প্রযুক্তিগত ও সরবরাহগত সমস্যার মুখে পড়েছে মার্কিন এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে অপটিমাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে টেসলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে প্রতি সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি হচ্ছিল, বর্তমানে সেই সংখ্যা কয়েক শতে পৌঁছেছে। তবে উৎপাদনের গতি আরও বাড়ানো তুলনামূলক কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরবরাহকারীদের সক্ষমতার সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় উৎপাদন যন্ত্রপাতিতে বিভিন্ন ত্রুটি এবং রোবটের হাত সংযোজনের জটিলতা উৎপাদন প্রক্রিয়ায় বড় চাপ তৈরি করছে।
টেসলার লক্ষ্য চলতি বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে প্রায় ১ হাজার অপটিমাস রোবট উৎপাদন করা। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা প্রতি সপ্তাহে ২০ হাজার ইউনিটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় অপটিমাসের তৃতীয় প্রজন্ম তৈরি করা হচ্ছে। আগের সংস্করণের তুলনায় নতুন মডেলটিতে অপেক্ষাকৃত হালকা কাঠামো, উন্নত ক্যামেরা এবং আরও মানবসদৃশ নকশা যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অপটিমাসের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে রোবটটি এখনো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সাধারণ কাজ করার পর্যায়ে পৌঁছায়নি।
বর্তমানে নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা অবস্থায় টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় তত্ত্বাবধানের মাধ্যমে অপটিমাস ব্যবহার করা হচ্ছে। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কারণে শুরুতেই সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি না করে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে অপটিমাস ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে টেসলা। প্রাথমিকভাবে এমন গুদাম ও শিল্পপ্রতিষ্ঠানকে বেছে নেওয়ার কথা ভাবা হচ্ছে, যেখানে তুলনামূলক নিয়ন্ত্রিত পরিবেশে রোবট পরিচালনা করা সম্ভব।
এ ধরনের ব্যবস্থায় প্রয়োজন হলে রোবটগুলো ফিরিয়ে এনে প্রয়োজনীয় যান্ত্রিক উন্নয়ন করতে পারবে টেসলা। পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র থেকে পাওয়া তথ্য ব্যবহার করে রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাও আরও উন্নত করার সুযোগ থাকবে।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে কোম্পানির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পণ্যগুলোর একটি হিসেবে দেখছেন। পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হলে ২০২৭ সালের শেষ নাগাদ রোবটটির বাণিজ্যিক বিক্রি শুরু করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মানুষের মতো জটিল হাত ব্যাপক পরিসরে নির্ভরযোগ্যভাবে তৈরি করা টেসলার জন্য অন্যতম বড় উৎপাদন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্যসমূহ