রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১০৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, উত্তরা বিভাগ থেকে ২৭ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৩ জন এবং সিটিটিসি বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করেছে।
এ ছাড়া ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ