দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে চিকিৎসক নেতাদের বাস্তবসম্মত, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। দেশে কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম দরকার এবং স্বাস্থ্যসেবার জন্য কেমন অবকাঠামো প্রয়োজন, এসব বিষয়ে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার ঘাটতি ছিল।
বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে একটি কার্যকর ও সুশৃঙ্খল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নে তদবিরনির্ভর সংস্কৃতি পরিহার করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিকে যথাযথ দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
চিকিৎসাসেবার মান উন্নয়নে গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন।
দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এসব প্রতিষ্ঠানকে কার্যকর নীতিমালা, তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত সরকারের সময়ে আহত রাজনৈতিক নেতা-কর্মীদের চিকিৎসায় সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। নিজের চিকিৎসায় সহযোগিতার জন্যও সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনকালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে তা বন্ধে সরকারের সহযোগিতা চান তিনি।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সব অংশীজনকে সম্পৃক্ত করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।