কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি ওয়্যারলেস মোড়, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালেহ মো. আদনান অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোর ভাবে প্রতিহত করা হবে।’
এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক ও মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার ও মেহেদী হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে ২১ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগেও একই ইস্যুতে সালেহ মো. আদনানের নেতৃত্বে ছাত্রদল মোটরসাইকেল মিছিল করেছিল।