কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল—সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন।
হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌরসভার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতারা শোক জানিয়েছেন।