প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এ পদায়ন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি আদেশের তালিকায় ১৬ সেপ্টেম্বর একাধিক বদলি ও নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের তথ্য রয়েছে।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে যুগ্মসচিব মো. হুসাইন শওকতকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে উপ-রেজিস্ট্রার জেনারেল হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. হুসাইন শওকত এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন ছিলেন। নতুন পদায়নের জন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এ জন্য তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।