ক্লিনিক্যাল মেডিসিনে ফান্ডাস পরীক্ষা ও ডাইরেক্ট অপথালমোস্কোপির ব্যবহারিক গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে অধ্যাপক কাজী তারিকুল ইসলামের নতুন বই ‘দ্য ফান্ডাস ইন ক্লিনিক্যাল মেডিসিন: আ গাইড টু ডাইরেক্ট অপথালমোস্কোপি’।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ।
ফান্ডাস পরীক্ষা মূলত চোখের ভেতরের পেছনের অংশ—রেটিনা, অপটিক ডিস্ক ও রক্তনালি—পর্যবেক্ষণের একটি পদ্ধতি। অপথালমোস্কোপ নামের যন্ত্রের সাহায্যে এ পরীক্ষা করা হয়।
এই পরীক্ষার মাধ্যমে শুধু চোখের বিভিন্ন সমস্যা নয়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো সিস্টেমিক রোগের প্রভাব সম্পর্কেও চিকিৎসকেরা গুরুত্বপূর্ণ ধারণা পেতে পারেন। এ কারণেই রোগী মূল্যায়নে ফান্ডাস পরীক্ষাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বইটিতে চিকিৎসকদের দৈনন্দিন ক্লিনিক্যাল চর্চায় ডাইরেক্ট অপথালমোস্কোপির ব্যবহারিক দিকগুলো সহজভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ, প্রশিক্ষণরত চিকিৎসক এবং অন্যান্য ক্লিনিক্যাল প্র্যাকটিশনারদের জন্য এটি একটি ব্যবহারিক গাইড হিসেবে তৈরি করা হয়েছে।
অধ্যাপক কাজী তারিকুল ইসলাম মেডিসিনের একজন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষক। তিনি মনে করেন, রোগী মূল্যায়নের সময় ফান্ডাস পরীক্ষা আরও নিয়মিতভাবে ব্যবহারে বইটি চিকিৎসকদের সহায়তা করবে।
অনুষ্ঠানে এসকেএফের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক বিনয় দাস চিকিৎসকদের জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতা বাড়াতে এ ধরনের বৈজ্ঞানিক ও শিক্ষামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতেও চিকিৎসকদের জন্য প্রাসঙ্গিক জ্ঞান বিনিময়ের উদ্যোগে এসকেএফ যুক্ত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ব্র্যান্ড পার্টনার হিসেবে ছিল ‘এমাজিড এল’। এটি এমপাগ্লিফ্লোজিন ও লিনাগ্লিপটিনের সমন্বয়ে তৈরি একটি ওষুধ।