শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রস্তাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ের নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। একই সঙ্গে তরুণ প্রজন্মের মেধা ও নতুন ধারণাকে কাজে লাগিয়ে তাদের রাষ্ট্রীয় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন’-এর বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শুধু বড় বড় সমস্যার কথা তুলে ধরলে চলবে না, বরং এমন সমস্যা বেছে নিতে হবে যার কার্যকর ও বাস্তবমুখী সমাধান তারা নিজেরাই প্রস্তাব করতে পারে। সমস্যার গভীরতা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর তথ্য-উপাত্ত এবং এর সুদূরপ্রসারী প্রভাব মাঠপর্যায়ের জরিপ, নির্ভরযোগ্য গবেষণা প্রতিবেদন ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুলের ইতিবাচক ব্যবহার করা যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন।
প্রস্তাবিত সমাধানের বাস্তবায়নযোগ্যতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি পরিকল্পনা শুধু কাগজে-কলমে সুন্দর হলেই চলে না, বাস্তবে তা কতটা কার্যকর তা যাচাই করা জরুরি। স্কুলের সামনের যানজট কিংবা এলাকার বর্জ্য ও খাল ব্যবস্থাপনার স্থায়ী রূপরেখা নিশ্চিত করতে কেবল একদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়; বরং দীর্ঘমেয়াদি জনসচেতনতা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে হবে। কোন প্রতিষ্ঠান এর দেখভাল করবে এবং প্রয়োজনীয় অর্থ ও জনবলের সংস্থান কোথা থেকে হবে—প্রস্তাবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
প্রতিযোগিতার কাঠামো প্রসঙ্গে তিনি জানান, অংশগ্রহণকারী ১২৪টি দল থেকে লিখিত প্রতিবেদনের ভিত্তিতে ৭ সদস্যের বিচারক প্যানেল সেরা ৫টি দল বাছাই করবেন। এই ৫টি দল পরবর্তীতে সরাসরি ১৫ মিনিটের পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেবে, যেখান থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচন করা হবে। বিজয়ী শীর্ষ তিনটি দল তাদের প্রস্তাব বাস্তবায়নে সরাসরি সংসদ সদস্যের কার্যালয় এবং প্রয়োজনে প্রতিমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে।
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিচারকমণ্ডলী, আয়োজক দলের সদস্য এবং ঢাকা-১৩ আসনের বিভিন্ন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ