দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ বিশেষ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রশ্নে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় অনেক দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থী সেখানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে তাদের জন্য বিশেষ কোটা এবং শিক্ষার ব্যয় কমানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন এবং মানোন্নয়ন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর অন্যতম। একইসঙ্গে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে এই কোটার আওতায় দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৩৯৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি।