মঙ্গলবার রাত থেকে দেশের কলকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এ তথ্য জানান।
বৈঠকে দেশের বিদ্যুৎ, গ্যাস ও সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতারা তাদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তারা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউর পাশাপাশি স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে এলএনজি সরবরাহে ভাসমান টার্মিনালের ওপর নির্ভরতা বেশি। ভবিষ্যতে শিল্প ও অন্যান্য খাতে জ্বালানির বাড়তি চাহিদা মোকাবিলায় এই নির্ভরতা কমিয়ে স্থলভিত্তিক অবকাঠামো গড়ে তোলার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
একই সঙ্গে দেশে শিল্পায়ন ও নতুন বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। ব্যবসায়ী প্রতিনিধিরাও উৎপাদন ও বিনিয়োগ সচল রাখতে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আনার ওপর জোর দেন।
তবে দীর্ঘদিন ধরে জমে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যাগুলো একদিনে পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।