রাশিয়ার ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব হামলা বৈশ্বিক ডিজেল সরবরাহে চাপ তৈরি করছে এবং দাম বাড়াচ্ছে।
রোববার আয়ারল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাশিয়া বিশ্ববাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির জ্বালানি উৎপাদন কমেছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারেও।
ট্রাম্প জানান, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল অবকাঠামো ও তেল শোধনাগারে হামলা না চালানোর জন্য বলেছেন।
তার মতে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংকট আরও বাড়ছে। এই পরিস্থিতি পুরো বিশ্বের অর্থনীতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিশ্ববাজারে ডিজেলের বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে শুধু ইউক্রেনের হামলাই দায়ী নয়। মধ্যপ্রাচ্যের সংঘাত, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, কম মজুত এবং রাশিয়া ও চীনের রপ্তানি সীমাবদ্ধতার মতো বিষয়ও বাজারে চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম সম্প্রতি গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে।
অন্যদিকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে আসছে। কিয়েভের যুক্তি, এসব স্থাপনা থেকে পাওয়া আয় ও জ্বালানি রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: রয়টার্স