টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের জন্য আগামী ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ পরিচালনার সুযোগ দিতে সরকারি আদেশ জারির আহ্বান জানিয়েছেন তাঁরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা-হজরত ও তাবলিগের সাধারণ মুসল্লি’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম।
সাদপন্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, টঙ্গীর ইজতেমা ময়দানে তাঁদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং মাঠটি সরকারের নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া। এ ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সমতা নিশ্চিতের দাবিও জানানো হয়।
তাঁরা কাকরাইল মসজিদ ‘তাবলিগ জামাত বাংলাদেশ’-এর কাছে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের সব মসজিদে দাওয়াত ও তাবলিগের কাজ নির্বিঘ্নে পরিচালনা এবং এক পক্ষের কাজে অন্য পক্ষের বাধা বন্ধে সরকারি নির্দেশ জারির দাবিও করা হয়।
অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে জুবায়েরপন্থী বা শুরায়ে নেজামের পাঁচজনকে অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী করে তাঁদের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাওলানা সাদকে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীনের প্রচারক হিসেবে উল্লেখ করা হয়। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি বলেও দাবি করেন বক্তারা।