চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় ফিরছিলেন তারা। কলেজ বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন নিহত হন। আহত সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।