আগামী তিন মাস দেশের ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এডিস মশার বিস্তার ঠেকাতে জমে থাকা পানি দ্রুত অপসারণ করা জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা অন্য যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে সারা দেশে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি সবাই নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকটাই কমানো সম্ভব।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সম্ভাব্য এডিস প্রজননস্থলও অপসারণ করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।