কক্সবাজারের উখিয়ায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল নেওয়ার চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ হাসান নিজেকে অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং একটি ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোটরসাইকেলটি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মকর্তা পরিচয় ব্যবহার করে প্রতারণার মতো ঘটনার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।