ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে। পরিচ্ছন্নতা অভিযানেও তরুণরা আন্তরিকভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এই বিশাল তরুণ ও শিক্ষার্থী জনগোষ্ঠী দেশ পুনর্গঠনে এগিয়ে এলে পরিবর্তন ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে। শতভাগ সফলতা সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে আনার আশা রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে পড়ে থাকা ভাঙা জিনিস, কাগজপত্র ও প্লাস্টিকের পাত্রে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে। এসব জায়গা পরিষ্কার রাখা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে দেশের পরিবেশ পরিবর্তনের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায়ও বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।