শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। এসব বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো দেশের চাপ বা প্রভাবের কারণে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করবে না।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে বলেও জানান তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব—এমন অনেক ছোট বিষয়ও অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখা হচ্ছে। এতে দেশের রাজনৈতিক পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, রুমিন ফারহানার বক্তব্যে আওয়ামী লীগের অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দলটি যথাযথ রাজনৈতিক অবস্থান নেয়নি বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। সরকারের ভারতবিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।
র্যাব বিলুপ্তির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, র্যাবের বিরুদ্ধে অতীতে খুন ও গুমের অভিযোগ উঠেছিল এবং বিএনপি সরকার সেই দায় বহন করতে চায় না। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে র্যাবকে এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।
তিনি জানান, র্যাব বিলুপ্ত করে এসআরবি (SRB) নামে নতুন একটি বাহিনী গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নতুন বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দল যাকে মনোনয়ন দেবে, দলের নেতাকর্মীদের সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিলে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো প্রার্থী বা পক্ষকে ব্যক্তিগতভাবে সমর্থন করার সুযোগ নেই। নির্বাচনে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ সময় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাদশা এবং ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সমেনুজ্জামান সমেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।