ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. সাদেক আলী (২৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত অপরজন একজন নারী। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক আলীর এক আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাদেক। ওই অটোরিকশায় চালকসহ মোট পাঁচজন ছিলেন।
বেলা সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি আকুয়া বাইপাস মোড়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রী মারা যান। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদেক আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।