ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের পর সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এবারের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত।
বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের বিশেষ আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীর ব্রিকস সফর নিয়ে নানা আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও এর আগে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতে পারেন।
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে তার অবসান হলো।