বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও সম্প্রসারণের সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজারে আরও সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে ওমানে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিয়া আহমেদ আল বালুশিসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।