মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে ফিরে তিনি যদি আইনি প্রতিকার চাওয়ার উদ্যোগ নেন, তাহলে বিষয়টি আইন অনুযায়ী নির্ধারিত হবে।
তিনি বলেন, কোনো ব্যক্তির আপিল করার অধিকার আছে কি না, সেটি আলাদাভাবে ব্যক্তি বিশেষের জন্য নির্ধারণ করা হয় না। সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থার ডিজিটালাইজেশন প্রকল্প নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি একাধিক বিয়ে, ভুয়া তথ্য প্রদান এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে সহায়তা করবে।
তিনি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে, যা নাগরিক সেবা আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।