পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে যুক্তরাজ্যসহ ১২টি পশ্চিমা দেশের উদ্যোগে যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মিয়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নেওয়া পদক্ষেপ অনুসরণ করবে না।
তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণের কারণে তৈরি হওয়া অস্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে বসতি-সংশ্লিষ্ট বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ওয়াশিংটন যাবে না।
রুবিও জানান, মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংকটের মধ্যে পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা গাজা পরিস্থিতি নিয়েও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনা বাস্তবায়ন আরও জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন।
এর আগে যুক্তরাজ্য ঘোষণা দেয়, পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য ও নির্দিষ্ট কিছু সেবা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাজ্যের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশ একই ধরনের পদক্ষেপ নেয়।
তবে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো পশ্চিম তীরে স্থিতিশীলতা বজায় রাখা। সেখানে সহিংসতা, সংঘাত ও উত্তেজনা বাড়ুক, তা কোনো পক্ষই চায় না।
এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। বসতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অবস্থানের পার্থক্যও স্পষ্ট হয়ে উঠছে।