সিঙ্গাপুরে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং। নতুন বেতন কাঠামোয় মন্ত্রীদের বেতন ৬০ শতাংশের বেশি বাড়বে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে নতুন বেতন কাঠামোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী ওং। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মন্ত্রীদের তালিকায় সিঙ্গাপুরের নেতাদের অবস্থান আরও শক্ত হবে।
নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেঞ্চমার্ক বেতন ২২ লাখ সিঙ্গাপুর ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুর ডলার হবে। অর্থাৎ প্রায় ১৪ লাখ ডলার বৃদ্ধি পাচ্ছে।
উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৮ লাখ ৭০ হাজার ডলার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার সিঙ্গাপুর ডলার হবে। আর মন্ত্রীরা দায়িত্ব ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত বেতন পাবেন।
তবে প্রধানমন্ত্রী লরেন্স ওং জানিয়েছেন, তার বর্তমান মেয়াদে বেতন বৃদ্ধির ফলে পাওয়া অতিরিক্ত অর্থ তিনি পুরোপুরি জনকল্যাণমূলক কাজে দান করবেন।
সিঙ্গাপুর সরকারের যুক্তি, উচ্চ বেতনের মাধ্যমে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা যায় এবং ভালো শাসন নিশ্চিত করা সম্ভব। তবে সাধারণ নাগরিকদের তুলনায় মন্ত্রীদের আয়ের বড় পার্থক্য নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।
লরেন্স ওং বলেন, রাজনৈতিক নেতাদের বেতন একটি কঠিন ও আবেগপূর্ণ বিষয়। তবে ভালো সরকার পরিচালনার জন্য দক্ষ নেতৃত্ব প্রয়োজন।
প্রায় ১৫ বছর পর সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
তবে বর্তমান মন্ত্রীদের একবারে নতুন বেতন কাঠামোয় নেওয়া হবে না। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন বেতন সমন্বয় করা হবে।