শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব দেশের মানুষকে নতুন ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তার ভাষ্য, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম প্রধান কারিগর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি আজ যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর দলটির আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্যাগ ও পরিশ্রম রয়েছে।
তিনি বলেন, এই ক্যাম্পাস থেকেই জিয়াউর রহমান ছাত্রদলের কার্যক্রম শুরু করেছিলেন। দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্ম নিয়ে তার চিন্তার প্রতিফলন ছাত্রদল গঠনের মধ্য দিয়ে দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তার দাবি, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদানকারীদের অন্যতম ছিলেন।
দেশের স্বাধীনতার পরের সময়ের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের মানুষ নানা সংকটে পড়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুনভাবে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
এ্যানি আরও বলেন, ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের রাজনীতি করেননি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা রাজনীতিতে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সময়ও তারা অশালীন ভাষার কোনো পরিবেশ দেখেননি। তবে ৫ আগস্টের পর কয়েকজনের বক্তব্যে তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব বক্তব্যকে তিনি অপরাধ হিসেবে উল্লেখ করেন।
বিরোধী রাজনৈতিক পক্ষের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, অতীতে যারা বিভিন্ন সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল, তারা দেশের মানুষকে আন্দোলন-হরতাল-অবরোধের মাধ্যমে ভোগান্তিতে ফেলেছে। তাদের সঙ্গে অন্য একটি রাজনৈতিক পক্ষের যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া।
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম বুলবুলসহ অন্যরা।