কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে নারীদের অংশগ্রহণ এবং তাদের বসার স্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ১১ দলীয় জোটের কর্মসূচিতে নারীদের বসার বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’
তিনি আরও লেখেন, ‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়’
এরপর তিনি বলেন, ‘কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’
এদিকে ১১ দলীয় জোটের ওই কর্মসূচির ছবি যুক্ত করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
নিজের পোস্টে তিনি লেখেন, ‘ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি। ব্যাটাগিরি মুর্দাবাদ।’
১১ দলীয় জোটের কর্মসূচিতে নারীদের বসার স্থান নির্ধারণের বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নারী অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং দলীয় অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।