হাজার হাজার লিটার তেল ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ তেল ব্যবহার করে লংমার্চ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার দাবি, তেল, বিদ্যুৎ ও সার সংকটের বিষয়গুলো তুলে ধরে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে তিনি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সাঁতার শেখানোর গুরুত্ব এবং যুব সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।